লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগম রয়েছেন। তাদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বার বার নিষেধ করা সত্ত্বেও চালক গতি কমাননি। একপর্যায়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় আরও ১৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।