ভাড়া নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।

জানা যায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১২৩৯৯০) ভাড়া নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত দুজন ও আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি আটক করেছে পুলিশ। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে।