তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভায় মালিকপক্ষের প্রতিনিধি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেন। তবে সেই প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

বোর্ডের তৃতীয় সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া দুই পক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।