রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজউকের ওপর অন্য গবেষণা ছিল। রাজউককে আমরা বলেছি একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।
তিনি বলেন, এই ঘরে যারা উপস্থিত এবং ঘরের বাইরে যারা উপস্থিত- তাদের সবাই ঢাকা শহরে যারা রাজউকের সঙ্গে কোনো প্রকারের সংশ্লিষ্টতা আছে, তাদের সে অভিজ্ঞতা আছে, আমার ব্যক্তিগতভাবেও আছে।
তিনি আরও বলেন, গবেষণাটি রাজউককেন্দ্রিক না হলেও বেসরকারি আবাসন খাতের সেবা কার্যক্রমে রাজউকের সংশ্লিষ্টতার ক্ষেত্রে যোগসাজশ ও অনিয়মের অংশীদারত্ব রয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, রাজউকের সক্ষমতা, সুশাসন ও জবাবদিহির ঘাটতির সুযোগ নিয়ে আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের একাংশ এবং রাজউকের অসাধু কর্মকর্তাদের একটি অংশ লাভবান হচ্ছে। ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং তাদের কাছে রাজউকের মাথা নত করার দৃষ্টান্ত রয়েছে বলেও জানান তিনি।
এ সময় সুশাসনের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়ে সুশাসনের ঘাটতি রয়েছে। রাজউক, প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে এ খাতে অনিয়ম-দুর্নীতি চলছে। অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহল ও প্রশাসনের একাংশ মিলে গড়ে তুলেছে এক ধরনের ‘মাফিয়াতন্ত্র’।
তিনি আরও বলেন, বেসরকারি আবাসন খাতে সুশাসনের ছয়টি ক্ষেত্র- আইনের শাসন ও যথাযথ প্রয়োগ, সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ এবং জবাবদিহি; প্রতিটিতেই ব্যাপক ঘাটতি রয়েছে।
অভিযোগ টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আইনের ঘাটতি এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার সুযোগে রিয়েল এস্টেট কোম্পানির একাংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা করছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহারও করছে।
তিনি বলেন, প্রকল্পের স্থান নির্বাচন, জমি কেনা বা দখল, প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন থেকে শুরু করে প্লট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি, ত্রুটি, ক্ষমতার অপব্যবহার এবং নিয়মবিধি না মানার ঘটনা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক যোগসাজশ ও ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহলের সঙ্গে প্রশাসনের একাংশ মিলে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে তুলেছে। তারাই ঠিক করে দেয় কী ধরনের নিয়ম হবে এবং কালো টাকা বৈধ করার সুযোগ কীভাবে দেওয়া হবে।
তিনি বলেন, ভূমি দখল ও এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের পেছনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তির একাংশের সমর্থন রয়েছে। বাংলাদেশ একটি ভূমি দখলের দেশে রূপান্তরিত হচ্ছে।