মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। 
রোববার (৮ নভেম্বর) দেশটির রাজধানী থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এ দুর্ঘটনা ঘটে। মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগিতে গিজা-ফায়ুম ট্রেনটি ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন। প্রত্যক্ষদর্শী জানান, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে দেখেছেন। এ ছাড়া একটি বগিতে আটকে থাকা কয়েকজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। উদ্ধার কাজ ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।