ইরাকের কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। হামলার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ কুর্দিস্তান টোয়েন্টিফোরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলার পর এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুকের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে বিদ্যুৎ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিয়েছে। দুকান ও দারবান্দিখান বাঁধের জলবিদ্যুৎকেন্দ্র চালু করা হচ্ছে। পাশাপাশি বিকল্প জ্বালানিতে চালানো সম্ভব, এমন বিদ্যুৎকেন্দ্রগুলোও কাজে লাগানো হচ্ছে।

ওমিদ আহমেদের ভাষ্য, হাসপাতাল ও পানি সরবরাহকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখাই এখন তাদের অগ্রাধিকার।

এর আগে, উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রের আশপাশে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য যাচাইকারী সংস্থা সানাদ এ-সংক্রান্ত ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।

ইরাকি সংবাদমাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে গ্যাসক্ষেত্রটির আশপাশ থেকে ঘন ধোঁয়া ও আগুনের বিশাল শিখা উঠতে দেখা যায়। অজ্ঞাত উৎস থেকে চালানো ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রটিতে বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়।