মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিরোজপুরের বেকুটিয়া সেতুতে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে দুজন আপন খালাতো ভাই। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২১) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।

আহতরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মাহফুজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। তারা বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্য আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত শান্তকে খুলনায় নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত সুনান ও সাজিদের পরিচয় প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে দুজনের মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।