ইয়েমেনে সরকারপন্থী বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে হুতিরা। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে তারা আটক ছিলেন। রোববার আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এ তথ্য জানিয়েছে। রাজধানী সানায় বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আবদেলকাদের আল-মুরতাদা বলেছেন, সংঘাত শুরুর পর থেকে বন্দি মুক্তির ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় একক উদ্যোগ।
আইসিআরসির বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সংঘাতের সঙ্গে জড়িত ৬০০ জনকে আজ সানার কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে মুক্তি দিয়েছে।
হুতির ওই কর্মকর্তা বন্দি মুক্তির বিষয়ে অগ্রগতি না হওয়ার জন্য সৌদি আরবকে দায়ী করেছেন। ২০১৪ সালে ইয়েমেনে সংঘাত শুরু হয়। ওই বছর ইরান-সমর্থিত হুতিরা সরকারবিরোধী অভিযান শুরু করে। একপর্যায়ে তারা রাজধানীসহ দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।
২০২২ সাল থেকে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে গত জুলাইয়ে আঞ্চলিক সংঘাতের মধ্যে আবারও লড়াই শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এরপর থেকে দেশটিতে ১ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।
আইসিআরসি জানিয়েছে, মুক্তি পাওয়া প্রত্যেক বন্দির সঙ্গে তাদের কর্মীরা কথা বলেছেন। বন্দিদের শারীরিক অবস্থা যাচাই করাও ছিল এর উদ্দেশ্য। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
বন্দি মুক্তির এই উদ্যোগকে ‘মানবিক’ বলে উল্লেখ করেছেন আল-মুরতাদা। তার দাবি, এর আগে ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।