গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সরকারি গাড়িসহ বিভিন্ন মামলায় জব্দ করা মোট ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তারা থানা ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি থানায় থাকা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়। সব মিলিয়ে ১০টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।