সিলেট নগরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনের ফটকে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসার বাইরের ফটকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, এটি পেট্রলবোমা নয়, পলিথিন পুড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপ-কমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আলামত দেখে মনে হয়েছে ভোররাতে কেউ পলিথিন দিয়ে প্রধান ফটকে আগুন দিয়েছিল। ঘটনাস্থলের ফটকের নিচে কিছু ছাই পড়ে থাকতে দেখা গেছে।
তিনি আরো জানান, ওই ফটকের ভেতরে আরো দুটি বাসা পরে প্রতিমন্ত্রীর বাসা। পাশাপাশি পাশেই একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।