প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়েছেন দেড়শ বছরের টেস্ট ইতিহাসের বিরলতম এক কীর্তি। মেহেদী হাসান মিরাজের বলে কাগিসো রাবাদাকে স্টাম্পড করতেই এক ইনিংসে আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। টেস্ট ক্রিকেটে এর আগে কোনো উইকেটকিপার এক ইনিংসে এতবেশি ডিসমিসাল করতে পারেননি।
মিরাজের বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে নিজের ক্যারিয়ারসেরা স্কোরে পৌঁছে গিয়েছিলেন রাবাদা। তৃতীয় ছক্কার লোভ সামলাতে পারেননি প্রোটিয়া পেসার। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বল উড়িয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হলো না। বল গ্লাভসে জমা করে মুহূর্তের মধ্যে বেলস ফেলে দেন লিটন। রাবাদার স্টাম্পিংয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসের অংশ হয়ে যায় বাংলাদেশের এই কিপারের নাম।
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের দখলে। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দ্য সিলভা— প্রত্যেকেই এক ইনিংসে সাতটি করে ডিসমিসাল করেছিলেন। তাদের সবার কীর্তিই ছিল সাতটি ক্যাচের মাধ্যমে।
সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন লিটন। আটটি ডিসমিসালের মধ্যে তার ছয়টি ক্যাচ এবং দুটি স্টাম্পিং। অর্থাৎ আগের রেকর্ডধারীদের ছাড়িয়ে যেতে ক্যাচের পাশাপাশি স্টাম্পিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তিন দিন ধরে গড়ে উঠেছে লিটনের এই বিশ্বরেকর্ড। ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের মধ্যে তিনটি ক্যাচ ধরেন তিনি। একে একে তার গ্লাভসে জমা হন এইডেন মার্করাম, জুবাইর হামজা ও ম্যাথু ব্রিটস্কি। বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হয় মাত্র ২৮ ওভার। ওইদিন আরও তিনটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ নেন ৩২ বছর বয়সি এই উইকেটকিপার। তাতেই এক ইনিংসে ছয়টি ডিসমিসাল হয়ে যায় তার।