তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে ঋণ পেতে হলে ব্যবসার পরিকল্পনা, লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
যেভাবে করবেন আবেদন
তরুণ উদ্যোক্তা ঋণ পেতে প্রথমে নিকটস্থ যেকোনো ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার আগ্রহ জানিয়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আবেদনপ্রক্রিয়া ও ঋণের শর্তাবলি জেনে নিতে হবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও সংগ্রহ করা যাবে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সঙ্গে সাধারণত যেসব নথি জমা দিতে হয়, সেগুলো হলো—
১. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
২. ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত কপি।
৪. পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
৫. ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
ব্যবসায়িক পরিকল্পনায় যা থাকতে হবে
ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কী ধরনের ব্যবসা শুরু করতে চান, প্রাথমিক বিনিয়োগ কত প্রয়োজন, পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে আয় ও মুনাফা হবে— এসব বিষয় পরিকল্পনায় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
এ ছাড়া ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব দিতে হবে। একই সঙ্গে ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার বাস্তবসম্মত পরিকল্পনাও উল্লেখ করতে হবে। ব্যবসার মাধ্যমে কতজনের কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখবে, সেটিও তুলে ধরা প্রয়োজন।
ঋণ পেতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যনির্ভর হওয়া জরুরি। শুধু কত টাকা ঋণ প্রয়োজন, তা উল্লেখ করলেই হবে না। কেন অর্থের প্রয়োজন, কোন খাতে তা ব্যয় করা হবে এবং ব্যবসা থেকে কীভাবে ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।
সবশেষে পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা দিতে হবে। ব্যাংক আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তবে আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, যোগ্যতা, সুদের হার, জামানত ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী যাচাই করে নেওয়া প্রয়োজন।