ভারতের আসামের কাজিরাঙ্গায় ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙ্গার কাছে রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসকে ধাক্কা দেয় একটি ট্রাক।

এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার অভিযান শুরু করেন।

গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি। বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্বপ্ননীল ডেকা আরও বলেন, পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনার ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।