তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির মালাতিয়া প্রদেশের সামানকয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া প্রদেশের ইয়েশিলইউর্ত জেলার সামানকয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এস-৭০ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন। বিবৃতিতে তাঁদের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।