ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পেয়েছেন ১২ পুলিশ কর্মকর্তা। তাদের আগামী দুই মাসের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এই কর্মকর্তাদের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান।

সংযুক্ত হওয়া ১২ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা।

অন্যদিকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সালাউদ্দিন শাকিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই মাসের জন্য তাদের এই সংযুক্তি কার্যকর থাকবে।