দেশের বাজারে কয়েক দফায় দাম কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়। একইদিন সকাল ১০টা থেকে নির্ধারিত এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে এই ক্যাটাগরির স্বর্ণ প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ফলে নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে।