প্রত্যক্ষদর্শীরা জানায়, যেসব কারখানায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোর মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে মূলত অভ্যন্তরীণ সমস্যা, উৎপাদন সংকট কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে। সকালে শ্রমিকরা এসে যখন জানতে পারেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তখন তাদের অনেকের মধ্যেই ভবিষ্যৎ কর্মসংস্থান ও বকেয়া বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা কাজ করতে দেখা যায়। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, আজ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। বেশিরভাগ কারখানা বন্ধ। দুই একটা কারখানা যেগুলো খোলা রয়েছে, সেসব কারখানায় স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।
শিল্প পুলিশ জানায়, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খোলা থাকা কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে, আর বন্ধ থাকা কারখানাগুলোর মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।