সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- জিয়াউর রহমান (স্টোরকিপার), তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু। নিহতদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।