হরমুজ প্রণালির দক্ষিণ ও পূর্ব-উপকূলের কাছে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতি দিয়ে এ কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি অনুমোদনহীন একটি রুট দিয়ে গোপনে চলাচলের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটির নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল।

এক বিবৃতিতে হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার জাহাজের সব নাবিক ও ক্রুকে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল না করার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস বা বক্তব্য নৌমাইনের ঝুঁকি থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিতে পারবে না।