মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বে মুসলিম জনসংখ্যার বড় একটি অংশের বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও ১২০ কোটি বাড়তে পারে, যা বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখবে জন্মহার। গবেষণা অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১, যা অন্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি। বিপরীতে খ্রিষ্টান নারীদের গড় সন্তানসংখ্যা ২ দশমিক ৫।
পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে বাড়তে পারে ৭৯ কোটি ২০ লাখ মানুষ। ফলে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
অঞ্চলভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।