ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩২টি মামলা হয়েছে। অভিযানে ককটেল, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ১৯ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ২৬ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ৭৩ জন, গুলশানে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজন এবং এসআরইউ বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে চারটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।