পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও সংঘর্ষ থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় বাড়ার সাথে সাথে উত্তেজনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির অবনতি ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জের ধরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাসভবনে অগ্নিসংযোগ করে। একই সাথে উভয় পক্ষের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই বেড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষ নতুন করে সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে টানা রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলেও বিকেল পর্যন্ত উত্তেজনা প্রশমিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।