দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবো।
সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, এমপি মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তারা পালিয়ে বেড়াতে হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রীসভায় রাখা যায় কি-না প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি। তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, আমরা এখনই বলছি না সরকারকে পদত্যাগ করতে। আমরা চাই সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাস করা।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।