রাজধানীর কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)। তারা দুজনই অটোরিকশাচালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় নিহত দুই অটোরিকশাচালক যাত্রীর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক ওই দুই অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। অপর আহত জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।