খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। কিছুক্ষণ কথা বলার পর তাঁরা তরিকুলের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডল বলেন, খুলনায়  প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তরিকুল। পরে বাসে জায়গা না পেয়ে ফিরে এসে চায়ের দোকানে বসেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁকে গুলি করে পালিয়ে যান। তরিকুলের বাবা আবদুস সালাম শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার কিছু বলার নেই। রাজনীতিই আমার সব শেষ করে দিল।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অভিযান চালানো হচ্ছে। তরিকুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।