মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ৫৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সাতজন মারা যান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজন মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৪৪ হাজার ৩৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে এক লাখ ৩৮ হাজার ৮০ জন ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৫০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।