চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে মিছিলকারীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিল। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।