পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চারটি পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ১২ জনকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রদেশটির নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, গত ২০ নভেম্বর নুশকি জেলায় একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আট সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

পরদিন ২১ নভেম্বর সিবি জেলায় সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে আরও দুজন নিহত হন। এ ছাড়া ২২ ও ২৩ নভেম্বর পাঞ্জগুর ও কেচ জেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আরও দুজনকে হত্যার দাবি করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) অধীনে ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান পূর্ণ গতিতে চলবে।

এদিকে বেলুচিস্তানে এসব অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।