সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতায় পাকিস্তান আরও একধাপ অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

মঙ্গলবার (৩ নভেম্বর) এই পরীক্ষা চালানো হয়েছে বলে ‘আইএসপিআরে’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।

আইএসপিআরে’র বিবৃতিতে আরও বলা হয়, ‘ফায’ পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতাকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে করবে আরও শক্তিশালী।

আরও জানানো হয়, ক্ষেপণাস্ত্রটির সফল উড্ডয়ন পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত পরিপক্বতা, উদ্ভাবন এবং স্বনির্ভরতার অগ্রগতির প্রমাণ। আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা প্রত্যক্ষ করেন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা, যারা এই ব্যবস্থা উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন।

পরীক্ষা সফল হওয়ায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানেরা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে গত মাসে পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। গত ১৩ অক্টোবর ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। এর এক সপ্তাহ আগে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায় ইসলামাবাদ।