যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকার কাছে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্লেনটি মাটিতে আছড়ে পড়ে আগুনের গোলায় পরিণত হয়। তবে দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে দুপুর ১২টা ৫০ মিনিটে লিয়ারজেট ৬০ প্লেনটি বিধ্বস্ত হয়। তিনি এ ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনার তদন্তে সহায়তার জন্য একটি দল পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্তের দায়িত্ব পালন করবে।
নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামছিল প্লেন
এফএএর তথ্য অনুযায়ী, প্লেনটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।
এটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় পাইলট প্রচণ্ড ঝাঁকুনি, বৃষ্টিপাত ও প্লেনের গায়ে বরফ জমার কথা জানান। পরিস্থিতি সামাল দিতে তিনি আরও দুই হাজার ফুট ওপরে ওঠার অনুমতি চান।
কিন্তু এর কিছুক্ষণ পরই প্লেনটি দ্রুত নিচে নামতে শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডিং অনুযায়ী, প্রতি মিনিটে ১০ হাজার ফুট থেকে নামার গতি বেড়ে ২০ হাজার এবং একপর্যায়ে ৩০ হাজার ফুটে পৌঁছায়।
এতে প্লেনটি তার নকশাগত গতিসীমাও অতিক্রম করে।