২০২৭ সালের গুরুত্বপূর্ণ ইসলামি ধর্মীয় দিবস ও উৎসবের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী রোজা পালন শেষে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।

ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এর আগের দিন ১৫ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে।

ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। ১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এছাড়া ২০২৭ সালের ২৪-২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের সময় কোনো কোনো ধর্মীয় দিবসের তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। এদিকে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজানের রোজা শুরু হতে পারে। এ জন্য ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে পরদিন থেকে রোজা শুরু হতে পারে।

অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ তারিখও নির্ভর করবে চাঁদ দেখার ওপর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তা চূড়ান্ত হবে।