বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের তিনজনের নাম স্থান পেয়েছে। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হন বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তার পরিচিতিতে তুলে ধরা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। তিনি ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।
অন্যদিকে রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা তুলে ধরতে তিনি কাজ করছেন। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।
বছরের সেরা পুরুষ ও নারী
২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। তার সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।
যেভাবে তৈরি হয় প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা
‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যাঁরা ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনার সক্ষমতা রাখেন। প্রতিবেদন অনুযায়ী, তালিকা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচক বিবেচনা করা হয়। কোনো ব্যক্তির এক বছরের অর্জনের চেয়ে তাঁর সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন নির্দেশ করে না।
প্রকাশনাটিতে বিশ্বের মুসলিম জনসংখ্যা আনুমানিক ২২০ কোটি বলে উল্লেখ করা হয়েছে। এতে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৩টি পৃথক বিভাগে।
বিভাগগুলোর মধ্যে রয়েছে ইসলামী জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, দাওয়াত ও আধ্যাত্মিক দিকনির্দেশনা, দাতব্য কার্যক্রম, সামাজিক বিষয়, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং খেলাধুলা। এ ছাড়া ২০২৭ সালের সংস্করণে মুসলিম বিশ্বের গত এক বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলির পর্যালোচনা, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন, বিভিন্ন দেশের মূল্যায়ন এবং সমসাময়িক মুসলিম সমাজের চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞদের নিবন্ধ প্রকাশ করা হয়েছে।