সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। সেখানে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে এনসিপি নেতারা অভিযোগ করেছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে।
পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন আরও বলেন, নুসরাত তাবাসসুমের মা–বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।
ঘটনার বিষয়ে জানতে নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করা হলে ফোনটি ধরেন এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। তিনি দিবাগত রাত ২টার দিকে প্রথম আলোকে জানান, ঘটনার খবর পেয়ে এমপি নুসরাত তাবাসসুমসহ তিনি একই গাড়িতে করে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে পথে রয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি মহোদয়ের পৈতৃক ও স্থায়ী বাসস্থান লক্ষ্য করে রাত ১২টার পর হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।
হামলায় বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওয়াহিদুজ্জামান বলেন, ওই সময় বাড়িতে নুসরাত তাবাসসুমের মা–বাবা, চাচাতো ভাইবোন, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের গায়েও আঘাত লেগেছে এবং তাঁরা কমবেশি সবাই আহত হয়েছেন। এ ছাড়া শেডে আগুন ধরে কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে।
ওই বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেছেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসে কর্মীরা রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।