রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে দীর্ঘদিনের সড়ক অবরোধ প্রত্যাহারের পর জনজীবন স্বাভাবিক হতে চলেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে উজোবাজার, গঙ্গারাম ও মাচালং বাজারে বসেছে সাপ্তাহিক হাট। খুলেছে দোকানপাট, সড়কে চলছে ব্যাটারিচালিত টমটম। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি। এই পরিস্থিতিকে সাজেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রভাবের বড় ধরনের পতন হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও সংগঠনটির বিরোধী পক্ষের লোকজন।
স্থানীয় বাসিন্দা, গণমাধ্যমকর্মী, ইউপিডিএফের বিরোধী পক্ষের সদস্য এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, সাজেকের উজোবাজার, গঙ্গারাম ও মাচালং এলাকায় দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সাংগঠনিক প্রভাব ছিল। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার পদত্যাগ, কমিটি বিলুপ্তি এবং সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণার পর পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। স্থানীয়দের মতে, এর মধ্য দিয়ে সাজেকে ইউপিডিএফের দীর্ঘদিনের প্রভাবের ভিত দুর্বল হয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকেই সাজেকের তিনটি গুরুত্বপূর্ণ বাজারে সাপ্তাহিক হাট বসে। হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে ফিরে আসে চিরচেনা ব্যস্ততা। সকাল থেকে বিভিন্ন সড়কে টমটম চলাচল করলেও কোথাও অবরোধকারীদের উপস্থিতি বা নতুন করে কোনো হট্টগোলের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও ইউপিডিএফের বিরোধী পক্ষের কয়েকজন সদস্যের দাবি, সংগঠনটির সদস্যরা বর্তমানে সাজেকের মূল এলাকাগুলো থেকে সরে গিয়ে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় অবস্থান করছেন। ফলে সাজেকের উজোবাজার, গঙ্গারাম ও মাচালং এলাকায় তাদের আগের মতো প্রভাব নেই।
মঙ্গলবার রাতে লিখিত বক্তব্যে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘদিনের সড়ক অবরোধে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন বলেন, ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ দিন ধরে পুরো সাজেক স্থবির হয়ে ছিল। দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পর বুধবার সকালে উজোবাজারে হাট বসতে দেখে তারা স্বস্তি পেয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। বড় যানবাহন চলাচল শুরু না হলেও সড়কে টমটম চলছে। আশা করা যাচ্ছে, কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।