যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩), লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস-সিএনজিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।