বাংলাদেশসহ বড় ১৪টি বাণিজ্যিক অংশীদারের বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন কার্যক্রমের অভিযোগে পরিচালিত তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তের লক্ষ্য ছিল বিভিন্ন দেশের উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করা। তদন্তের আওতায় ছিল চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
দেশ ও পণ্যের ধরন অনুযায়ী শুল্কের হার ভিন্ন হবে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর বিভিন্ন পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে।
১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে আট মাসের তদন্ত শেষে এ প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে মেক্সিকো ও নরওয়েকে আপাতত নতুন শুল্কের তালিকায় রাখা হয়নি।
তবে বিভিন্ন দেশের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের করা শুল্কসংক্রান্ত চুক্তির কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে নতুন শুল্কের কার্যকর হার কম হতে পারে। অর্থাৎ ঘোষিত শুল্কের ওপর পূর্বসম্মত সর্বোচ্চ সীমা বা ক্যাপ প্রযোজ্য হবে।