পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভায় কোন ধাপে কতটি ইউপির ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয় তুলে ধরেন। তিনি জানান, কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এই নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডিসেম্বরে
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা ইসির রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল।
আবুল ফজল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে কমিশনের সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তা অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে কি না, তা জানতে চান সাংবাদিক। জবাবে আবুল ফজল বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি।
আবুল ফজল বলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।