জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।

বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি না। দিল্লীর আশ্রয়-প্রশ্রয়ে ইন্ধনে জুলাই বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে। দেশের ভিতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে সে আশা এখন আর করেন না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।

বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এ ঘটনাকে ব্যক্তিগত শত্রুতার জেরে নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক নাশকতা হিসেবে দাবি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের। অনেক আগেই জীবনের মায়া ত্যাগ করেছেন উল্লেখ করে এনসিপির এই নেত্রী লিখেছেন, কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এদেশে আসবে না।

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা কারা নিক্ষেপ করলো? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন?

বৃহস্পতিবার সকালে আগুনে পুড়ে যাওয়া একটি ছাগলের ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লিখেছেন, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! 

এর আগে মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।