মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে এ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের মুখে পড়তে হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
পেট্রোবাংলা সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।