ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বিজিবি মোতায়েন ও সার্বিক পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার সকাল থেকেই ন্যূনতম মজুরির দাবিতে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকরা পিছু হটে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। দফায় দফায় চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।