নারী শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকরা। শনিবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় দফায় দফায় অবরোধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবি, তিন দিন আগে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হন। পরে ওই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে তারা কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ বলছে, নারী শ্রমিক নিহত হওয়ার খবরটি গুজব।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শনিবারও শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। শ্রমিকরা তিনটি স্থানে বারবার অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।