চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ি থেকে মো. জাহেদ (৫৫) নামের এক ব্যক্তি ও তার সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মো. জাহেদ হোসেন (৫৫) উপজেলার চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। শিশু দুটির নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়।
জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী বাড়িতে অবস্থান করে। বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন।
বিকেলে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।