রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হোটেলের জেনারেল ম্যানেজার ও অপর এক কর্মচারীও হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ নৃশংস ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুই ব্যক্তি হোটেলটিতে প্রবেশ করে। এরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় তার চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান। হামলাকারীরা তাদের দুজনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আহত জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।