রাজধানীর মিরপুরের কালশী এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে যাত্রীবেশে অবস্থান করছিল কয়েকজন দুর্বৃত্ত। তারা বাসের পেছনের দিকের আসনে বসেছিল। একপর্যায়ে সুযোগ বুঝে বাসের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর বাসের জানালা দিয়ে বের হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরাই বাসে আগুন দিয়েছে। আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার নিরাপদ স্থানে সরে যান।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে বাসটির পেছনের অংশের ১০টি আসন পুড়ে গেছে।