গ্যাস সংকটের মধ্যে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি কোম্পানি তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) শীর্ষ পদে রদবদল এনেছে পেট্রোবাংলা।
তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পেট্রোবাংলায় বদলি করে তাদের জায়গায় তিন মহাব্যবস্থাপককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৪ ও ২৬ নভেম্বর পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় চলতি দায়িত্ব পেয়েছেন তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।
বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় চলতি দায়িত্ব পেয়েছেন কোম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।
এর আগে ২৪ নভেম্বর আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়। তাকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।
এদিকে পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
অফিস আদেশে বলা হয়েছে, তিন কোম্পানির এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া সাময়িক ব্যবস্থা। এতে কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা বা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো পরিবর্তন আসবে না। এসব পদে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তারা নিজ পদ মহাব্যবস্থাপক হিসেবে ফিরে যাবেন।
দেশের গ্যাস অনুসন্ধান, উৎপাদন, আমদানি ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোম্পানি তিনটির। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় গ্যাস সরবরাহ করে তিতাস। বাপেক্স দেশে তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও উৎপাদনের কাজ করে। অন্যদিকে আরপিজিসিএল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করে।