রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের সহকারী মোহাম্মদ শামসুদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রদলের নেতাকর্মীরা শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
এদিকে শাখাওয়াতকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে ঘিরে ধরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। এ সময় এক ছাত্রদলকর্মী তাঁকে থাপ্পড় মারেন। পরে সরকারি কর্মকর্তা হিসেবে আর নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হবেন কিনা, জানতে চাইলে তিনি আর এমন কাজ করবেন না বলে জানান। একপর্যায়ে তাঁকে কান ধরতেও বলা হয়। ভিডিওতে তাঁকে কান ধরতে দেখা যায়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন।