নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ২৪ ডিসেম্বর নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বছরের শুরু থেকেই পড়াশুনা করতে পারে, সেজন্য এ বছর আগাম বই বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আধুনিক ও যুগপোযোগি শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য আমরা এআই ভিত্তিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অবকাঠামোকে গুরুত্ব দিচ্ছি। এ জন্য প্রাথমিকে ২০ শতাংশ ও মাধ্যমিকে ৮০ শতাংশ উপবৃত্তি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা সাইকেল পাবেন। কম্পিউটার ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য ৩০ হাজার কম্পিউটার বিতরণের লক্ষ্য নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় শিক্ষামন্ত্রী হুশিয়ারী করে বলেন, যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাষ্ট্রদোহ মিছিল-মিটিংয়ে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে এনএস সরকারী কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।