সত্যিকার অর্থে শ্রমিকরা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, মালিকপক্ষও এর বিরোধিতা করেনি। বরং কীভাবে বিষয়টি একটি সুশীল পরিবেশে নিয়ে আসা যায়, সেটি তারা চিন্তা করেছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময় কিছু ইস্যু তৈরি হয়। কিছু মানুষ বিভিন্ন কথা বলে। নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা শূন্যতা তৈরি হয়।
আমার মনে হয়, এগুলো গণতান্ত্রিক চর্চারই অংশ। আমি দেখেছি, অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা আন্দোলন থেকে শুরু করে মজুরি বোর্ড গঠন পর্যন্ত রাত ১টা-২টা পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
একই সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদেরকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গভীর রাত পর্যন্ত আমরা যেভাবে সহযোগিতা চেয়েছি, তারা সেভাবেই আমাদের সাড়া দিয়েছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি বক্তব্য দিচ্ছেন। সরকারি দলের কোনো নেতাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে না। এটি গণতান্ত্রিক সরকারের একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ কারণেই শ্রমিক ও মালিকপক্ষ সবাই একটি নিরপেক্ষ জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, আজ থেকে নয়, মজুরি বোর্ড গঠন এবং এর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সব সময় আমাদের খোঁজখবর নিয়েছেন। কীভাবে শ্রমিক ও মালিকের সমন্বয়ে একটি সুন্দর সমাধান করা যায়, সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। শেষ পর্যন্ত নিরপেক্ষভাবে মজুরি বোর্ডের মাধ্যমে সেই সমাধান হয়েছে।
শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই দেশকে কীভাবে শিল্পে আরও বেশি করে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করা যায়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যত দিন দুনিয়া থাকবে, তত দিন সমস্যা থাকবে। তাই কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সবার কথা বলার অধিকার রয়েছে এবং সরকারেরও সবার কথা শোনার দায়িত্ব রয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী সমস্যাগুলো সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
তিনি বলেন, শ্রমিকরা ভালোভাবে উৎপাদন বাড়ালে এবং মালিকরা আয় করতে পারলে বেতন বাড়াতে কোনো অসুবিধা নেই। তবে আমাদের সেই অবস্থানে পৌঁছাতে হবে। কোনো অবস্থাতেই কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে যেন এই শিল্প বন্ধ না হয়। বরং শিল্পকে আরও এগিয়ে নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।