রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে চারজনকে হত্যা করে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। দীর্ঘ তদন্ত শেষে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে অপরাধী হিসেবে শনাক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, তদন্তে গণপতি চক্রবর্তীর বাড়িতে সংঘটিত চার হত্যাকাণ্ডে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
তিনি জানান, অবসরকালীন সময়ে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্য আসামিরা ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় গামছা ও শারীরিক শক্তি প্রয়োগ করে বাড়ির চারজনকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।