জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে যুক্তরাজ্যের লন্ডনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে এনসিপি। আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার হলের সামনে ও পেছনের সড়কে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি হয়। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকরা ডিম ও পানির বোতল ছোড়েন। পরে তারা অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এনসিপির যুগ্ম-সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।

পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। সফরসঙ্গী হিসেবে আছেন এনসিপির যুগ্ম-সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।